শুরু হয়েছে ওয়ালটন কম্পিউটারের বহুল প্রতীক্ষিত ‘ডাবল ধামাকা’ অফার। এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার কিনলেই ক্রেতারা পাবেন নিশ্চিত উপহার। পাশাপাশি বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। বিশেষ উপহার হিসেবে প্রতি মাসেই থাকছে একাধিক ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক জেতার সুযোগ।
ওয়ালটন প্লাজা, অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন ডিলার আউটলেট থেকে কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ ক্রয়ে এই অফারটি চলতি বছরের শেষ দিন পর্যন্ত উপভোগ করা যাবে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
ওয়ালটন ডিজি-টেক দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানিকারী প্রতিষ্ঠান। ‘মেইড ইন বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নের মাধ্যমে তারা দেশজুড়ে মানসম্পন্ন প্রযুক্তিপণ্য সরবরাহ করছে। বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, বিশ্বমানের কারিগরি দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি অঙ্গীকার ওয়ালটনকে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ডে পরিণত করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড (পিসিবিএ) রপ্তানি শুরু করেছে। বর্তমানে ওয়ালটন ডিজি-টেক ৪৪ ধরনের আইটি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে, যার মধ্যে রয়েছে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ইলেকট্রিক বাইক, ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, ইউপিএস, সিসিটিভি, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, রাউটার, নেটওয়ার্ক সুইচ, এসএসডি, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচসহ বিভিন্ন অ্যাক্সেসরিজ।
গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের এমডি ও সিইও এবং স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব আদিল হোসেন নোবেল। উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হানসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে আদিল হোসেন নোবেল বলেন, “ওয়ালটন বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হতে যাচ্ছে। দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য দিয়ে তারা ইতিমধ্যে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করছে। বাংলাদেশের তৈরি উন্নত প্রযুক্তিপণ্য বিশ্বে ছড়িয়ে দিতে ওয়ালটন যে কাজ করছে, তা দেশের গৌরব বাড়াচ্ছে।”
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “এর আগে আমরা ক্রেতাদের এক্সক্লুসিভ অফার, এক্সচেঞ্জ অফারসহ নানা সুবিধা দিয়েছি। ডাবল ধামাকা অফার তারই ধারাবাহিকতা। এখন ওয়ালটনের যেকোনো কম্পিউটার পণ্য বা এক্সেসরিজ কিনলেই গ্রাহক পাবেন নিশ্চিত উপহার বা আকর্ষণীয় ডিসকাউন্ট। একইসঙ্গে প্রতি মাসে একাধিক ইলেকট্রিক বাইক জেতার সুযোগ থাকছে। আইটি পণ্যে বাংলাদেশে এই প্রথম এমন অফার দেওয়া হলো। আশা করছি, বরাবরের মতো এবারও ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।”